এমন শিক্ষা দিয়েছি ভারত কখনও ভুলবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম

গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত টানা ৮৭ ঘণ্টার সংঘর্ষের প্রসঙ্গ তুলে ধরে ভারতের মোদি সরকারের প্রতি কঠোর বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 

তার ভাষ্য অনুযায়ী, ওই সংঘাতে পাকিস্তান এমন প্রতিক্রিয়া দেখিয়েছে, যা ভারতের জন্য ভুলে যাওয়ার মতো নয়।

বুধবার খাইবার পখতুনখোয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনী জনগণের পূর্ণ সমর্থনে ‘মার্কা-এ-হক’ বা সত্যের যুদ্ধে সফলতা অর্জন করেছে। 

শাহবাজ শরীফ দাবি করেন, দিল্লি থেকে মুম্বাই—ভারতের সর্বত্র এই পরিণতির প্রভাব অনুভূত হবে।

তিনি বলেন, মে মাসে হঠাৎ করেই দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়। 

পাকিস্তানের দাবি অনুযায়ী, অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ভারত।

অন্যদিকে, ভারতের পক্ষ থেকে বলা হয়, পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার ঘটনায় জড়িতরা পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট। 

তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইসলামাবাদ জানায়, তারা এ ঘটনার নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তে অংশ নিতে প্রস্তুত।

পাকিস্তানের সামরিক সূত্রের বরাতে জানানো হয়, ৮৭ ঘণ্টাব্যাপী সংঘর্ষে ভারতের তিনটি রাফালসহ মোট ছয়টি যুদ্ধবিমান এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার এই উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটে ১০ মে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে।

এ সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খাইবার পখতুনখোয়ার জনগণের সাহস ও ত্যাগের প্রশংসা করেন। 

পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ বিতরণ কর্মসূচি পুরো প্রদেশজুড়ে সম্প্রসারণের ঘোষণাও দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত