আমাদের মেরে ফেলবে বলে অনেকে ভয় দেখাচ্ছে: হাসনাত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটা পক্ষ ক্ষমতার আগেই ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। ক্ষমতা পাইলে এদের আসল রূপ বের হয়ে আসবে। ক্ষমতা না থাকলে বিনয়ী হয়, আর ক্ষমতা পাইলে উদভ্রান্তের মতো হয়ে যায়, তারা প্রকৃত ভালো মানুষ না।

আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ও জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভারতীয় আধিপত্যবাদবিরোধী গণসংযোগ ও প্রচারণা শেষে বারুর গ্রামে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী নির্বাচন আমাদের মুক্তির নির্বাচন, অর্থনৈতিক স্বাধীনতার নির্বাচন। এ নির্বাচন টেন্ডারবাজ, মামলাবাজ, চাঁদাবাজ থেকে বেরিয়ে আসার নির্বাচন। যারা নদী থেকে মাটি কাটছে, ব্রিকফিল্ডের মালিক ও প্রভাবশালীরা প্রার্থীদের পেছনে বিনিয়োগ শুরু করেছে। চেয়ারম্যান প্রার্থীরা টাকা দিতেছে। দিনশেষে ভোটটা আর জনগণের কাছে থাকে না। এসব চাঁদাবাজ-টেন্ডারবাজ সুবিধাবাদীদের ওপর আমি নির্ভর করব না। হারাম টাকার ওপর নির্ভর না করে খেটে খাওয়া মানুষের ওপর আমি নির্ভর করব।

তিনি আরও বলেন, অনেকে হুমকি-ধমকি দিচ্ছে, আমাদের মেরে ফেলবে বলে ভয় দেখাচ্ছে। কিন্তু আমাকে বাঁচানোর জন্য দেবিদ্বারের মা-বোনেরাই যথেষ্ট। দেবিদ্বারের নারীরাই আমাকে প্রথমে সেভ করবে, এরপর আমার আশপাশের মানুষ। এমনকি বিএনপি ও জামায়াতের নেতারাও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। নেতাদের নাম বলতে পারব না, তবে দেবিদ্বারে যারা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের শক্তি, তারা প্রত্যেকেই আমার পাশে দাঁড়াবে।

তিনি আরও বলেন, আমরা প্রতিযোগিতা করব, কোনও প্রতিহিংসার রাজনীতি করব না। আমাদের মাঝে ভালো কাজের প্রতিযোগিতা থাকবে। আপনারা যার যার ভোট সে সে দেবেন। মারামারি করবেন না। যারা মারামারি করে, তাদের কাজই হলো মারামারি করে তাদের দলকে উপস্থাপন করা। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ফোন দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। মনে রাখবেন, যারা ভয় দেখায় তাদের গদি লইড়া যাইতেছে। এই কারণেই তারা ফোন দিয়ে ভয় দেখায়। আর মানুষ তখনই ভয় দেখায়, যখন সে নিজেই ভয় পায়। আমরা কাউকে ফোন দেইনি, কাউকে ভয় দেখাইনি। আমরা কেন ভয় দেখাব? ভয় দিয়ে ভালোবাসা জয় করা যায় না। বুলেট দিয়ে ভালোবাসা কেনা যায় না।

চাঁদাবাজদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যারা আমাদের বিরোধিতা করছে তারা বুঝতে পেরেছে তাদের টেন্ডারবাজির ব্যবসা, চাঁদাবাজির ব্যবসা, মামলাবাজির ব্যবসা আমরা বন্ধ করে দেব। এজন্যই তারা এখন আমাদের সঙ্গে বিরুদ্ধাচরণ শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত