ভারতের আসাম রাজ্যের হোজাই জেলায় শনিবার (২০ ডিসেম্বর) ভোরে সাইরাং-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের সঙ্গে হাতির একটি পালের সংঘর্ষে ৮টি হাতি নিহত হয়। লাইনচ্যুত হয় ট্রেনের লোকোমোটিভসহ ৫ বগ
এনডিটিভির খবরে বলা হয়, দুর্ঘটনাস্থল গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে। এই দুর্ঘটনায় হাতি হতাহত হলেও যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়নি বলে রেলওয়ে সূত্রে নিশ্চিত করেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত রেলের উদ্ধারকারী দল ও কর্মকর্তারা সেখানে পৌঁছান এবং উদ্ধার কাজ শুরু করেন। নিহত হাতির দেহাংশ লাইনজুড়ে ছড়িয়ে থাকায় আপাতত অঞ্চলটিতে রেল চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ট্রেনটি গোহাটিতে পৌঁছালে অতিরিক্ত কোচ সংযোজন করে পুনরায় যাত্রা শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দুর্ঘটনার পর গুয়াহাটি রেলস্টেশনে তিনটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ঘটনাস্থলটি কোনো নির্ধারিত হাতি করিডোরের অন্তর্ভুক্ত নয়। ট্রেন চালক ট্র্যাকের ওপর হাতির পাল দেখতে পেয়ে জরুরি ব্রেক প্রয়োগ করলেও হাতির দল ট্রেনের দিকেই ধেয়ে আসে এবং সংঘর্ষ ঘটে। এতে ট্রেন লাইনচ্যুত হওয়ার পাশাপাশি হাতিরা ঘটনাস্থলেই মারা যায়।
এর ফলে আসামের ওপরের অঞ্চলসহ উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে। চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতেও একইভাবে ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছিল।
দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের তথ্যমতে, গত পাঁচ বছরে ভারতে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে অন্তত ৭৯টি হাতি। চলতি বছরের জুলাই মাসে পশ্চিম মেদিনীপুরে মা-শাবকসহ তিন হাতির মৃত্যু হয়।
