শোয়েব আখতারের গতির রেকর্ড ভাঙা সহজ নয়: তাসকিন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

দুই দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ গতির ডেলিভারির মালিক শোয়েব আখতার। সময়ের সঙ্গে অনেক ফাস্ট বোলারই তার কাছাকাছি পৌঁছালেও পাকিস্তানের এই কিংবদন্তির রেকর্ড এখনও অটুট। ২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতির সেই বল আজও গতি-রেকর্ডের মানদণ্ড হয়ে আছে।

ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে বাংলাদেশে এসে শোয়েব আখতার বলেছেন- তাসকিন আহমেদ যেন তার সেই রেকর্ড ভেঙে দেন। শোয়েবের এমন মন্তব্যে অনুপ্রাণিত হলেও বাস্তবতা সম্পর্কে সচেতন বাংলাদেশের এই পেসার। তার মতে, ওই উচ্চতায় পৌঁছানো মোটেও সহজ কাজ নয়। বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে খেলতে আরব আমিরাতে অবস্থান করা তাসকিন বলেছেন, “শোয়েব আখতারের মতো একজন কিংবদন্তির কাছ থেকে এমন কথা শোনা অবশ্যই বিশেষ অনুভূতির। তবে ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করা সত্যিই অসম্ভবের কাছাকাছি। উনার রেকর্ড ভাঙা খুবই কঠিন।”

শোয়েব আখতারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে পাওয়া নিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাসকিন। তিনি বলেন, “শোয়েব ভাইয়ের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পাওয়া আমাদের জন্য বড় পাওয়া। দেশের তরুণ ফাস্ট বোলারদের জন্যও এটা অনেক কাজে আসবে।”

আইএল টি-টোয়েন্টিতে তাসকিনের সঙ্গে খেলছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার—সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এই তালিকা ভবিষ্যতে আরও বড় হোক, এমন প্রত্যাশা তাসকিনের। তার ভাষায়, “এখন তিনজন বাংলাদেশি খেলছি। চাইবো সামনে আরও বেশি বাংলাদেশি এই ধরনের টুর্নামেন্টে সুযোগ পাক। কারণ এখানকার কন্ডিশন খুবই চ্যালেঞ্জিং।” তিনি যোগ করেন, “বিশেষ করে বোলারদের জন্য পরিস্থিতি কঠিন। প্রতিটি ম্যাচ, প্রতিটি মুহূর্ত থেকে শেখার চেষ্টা করছি, যাতে সামনে আরও ভালো পারফরম্যান্স দিতে পারি।”

এদিকে আইপিএলে দল পাওয়া মোস্তাফিজুর রহমানের জন্যও শুভকামনা জানিয়েছেন তাসকিন। কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “মোস্তাফিজ ভালো করলে সেটাই বাংলাদেশের জন্য ভালো। ওর জন্য আমার শুভকামনা থাকবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত