মাউন্ট মঙ্গানুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পথে আছে নিউজিল্যান্ড। জয়ের জন্য সফরকারীদের সামনে তারা ৪৬২ রানের বিশাল টার্গেট দিয়েছে। দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে। টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে একই ম্যাচে দুই ওপেনারের জোড়া সেঞ্চুরির ঘটনা এই প্রথমবার দেখা গেল।
টেস্টের প্রথম ইনিংসে দুই কিউই ওপেনার টম ল্যাথাম ১৩৭ এবং কনওয়ে ২২৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে ল্যাথাম ও কনওয়ের ব্যাট থেকে আসে যথাক্রমে ১০১ এবং ১০০ রানের ইনিংস। জবাবে উইন্ডিজ কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে। জয়ের জন্য তাদের শেষ দিনে প্রয়োজন হবে ৪১৯ রানের। কিউই কোচ লুক রনকি বলেছেন, প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নেওয়ার লক্ষ্যেই তারা সঠিক সময়ে ইনিংস ঘোষণা করেছেন।
দুই ওপেনারের জোড়া সেঞ্চুরির ঘটনা প্রথম হলেও একই দলের দুই ব্যাটারের জোড়া সেঞ্চুরির ঘটনা আগেও তিনবার দেখা গেছে। সর্বশেষ গত বছরের মার্চে এই কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস, বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবিতে জোড়া সেঞ্চুরি করেন পাকিস্তানের মিসবাহ উল হক এবং আজহার আলী। আর ১৯৭৪ সালে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার ইয়ান এবং গ্রেগ চ্যাপেল ভাতৃদ্বয়।
অ্যাশেজ খুঁইয়ে নিজের ভুল স্বীকার ম্যাককালামের
দুই যুগ আগের স্মৃতি ফিরিয়ে ১১ দিনে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া