মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টে অধিনায়ক প্যাট কামিন্স ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকে ছাড়াই খেলতে নামছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ নিশ্চিত করার পর ক্রিকেটারদের ওয়ার্কলোড এবং ইনজুরি সতর্কতার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, দীর্ঘমেয়াদী ফিটনেস পরিকল্পনার আওতায় কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে ডান পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচারের জন্য মাঠের বাইরে যাচ্ছেন নাথান লায়ন। ফলে দীর্ঘ সময়ের জন্য তিনি দলে থাকছেন না। চতুর্থ টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে যুক্ত হয়েছেন টড মারফি ও ঝাই রিচার্ডসন। ম্যাচটি শুরু হবে শুক্রবার।
পার্থ ও ব্রিসবেনে ৮ উইকেটের জয় এবং অ্যাডিলেডে ৮২ রানের জয়ে সিরিজে ৩-০ ব্যবধানে অ্যাশেজ ধরে রেখেছে অস্ট্রেলিয়া। জুলাইয়ের পর থেকে পিঠের সমস্যার কারণে টেস্ট না খেলা কামিন্স অ্যাডিলেড টেস্টে ফিরে ৬ উইকেট নেন। তবে মেলবোর্ন টেস্টে তিনি খেলবেন না এবং দীর্ঘমেয়াদি ফিটনেসের কথা মাথায় রেখে সিডনি টেস্টেও তার খেলা অনিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।
কামিন্সের অনুপস্থিতিতে আবারও দলের অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ। ভার্টিগোর সমস্যার কারণে অ্যাডিলেড টেস্ট মিস করলেও সিরিজের আগের ম্যাচগুলোতে কামিন্স না থাকায় তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। নাথান লায়নের না থাকা দলের জন্য বড় ধাক্কা। ৩৮ বছর বয়সী এই স্পিনার অ্যাডিলেড টেস্টের পঞ্চম দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান এবং খুঁড়িয়ে মাঠ ছাড়েন।
ভিক্টোরিয়ার স্পিনার টড মারফির জন্য এটি হতে পারে স্বপ্নের ঘরের মাঠে টেস্ট অভিষেক। এর আগে তার খেলা ৭টি টেস্টই ছিল বিদেশে। ম্যাট কুনেম্যান ও কোরি রকিকিওলিকে পেছনে ফেলে তিনি দলে জায়গা পেয়েছেন। অন্যদিকে তিনবার কাঁধে অস্ত্রোপচারের পর প্রায় ৪ বছর পর টেস্ট দলে ফেরার অপেক্ষায় ঝাই রিচার্ডসন। আবারও পেস আক্রমণের নেতৃত্ব দেবেন স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্ক। এছাড়া মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটও একাদশে জায়গা পাওয়ার দৌড়ে আছেন।
চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, টড মারফি, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।
জিম্বাবুয়ের বিপক্ষে গোল করে দলের মান বাঁচালেন সালাহ
ব্রাজিলের এনদ্রিককে ফরাসি ক্লাবে ধারে পাঠাল রিয়াল