মাঠের লড়াইয়ে ভারতীয় যুব দলকে বিশাল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে পাকিস্তান। সেই ফাইনালে ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
রবিবার দুবাইয়ের ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে ৩৪৭ রান সংগ্রহ করে। জবাবে ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। ফলে ১৯১ রানের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান। এটি ছিল ১৩ বছর পর পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা এবং ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো এই সাফল্য।
তবে মাঠের দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচ চলাকালীন উত্তপ্ত পরিস্থিতিও নজরে আসে। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কোচ সারফরাজ আহমেদের অভিযোগের পর বিষয়টি আরও গুরুত্ব পায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, ফাইনালে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের উসকানি দিয়েছেন। নাকভি বলেন,“অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের বারবার প্ররোচিত করার চেষ্টা করেছে। আমরা এই ঘটনায় আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাব। রাজনীতি ও খেলাধুলা আলাদা রাখা উচিত।”
একই অনুষ্ঠানে পাকিস্তান যুব দলের কোচ সরফরাজ আহমেদও ভারতীয় দলের আচরণের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “ম্যাচে ভারতের আচরণ ছিল অনুচিত এবং এটি ক্রিকেটের ‘স্পিরিট অব দ্য গেম’-এর পরিপন্থী। তারপরও আমরা ক্রীড়াসুলভ মানসিকতায় জয় উদযাপন করেছি। ক্রিকেট সবসময় সঠিক মানসিকতায় খেলা উচিত, ভারতের আচরণ তাদের মানসিকতারই প্রতিফলন।”
উল্লেখ্য, এর আগেও পুরুষদের সিনিয়র এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচে উভয় দলের কয়েকজন খেলোয়াড় আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়েছিলেন। সেই তালিকায় ছিলেন পাকিস্তানের হারিস রউফ ও ভারতের সূর্যকুমার যাদবও।
ম্যারাডোনার 'অলিম্পিয়া ইনফিনিটো' অ্যাওয়ার্ড নিলেন কিংবদন্তীর দুই কন্যা