সিলেট-৪ আরিফকে সমর্থন দিলেন হাকিম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রকাশ্য সমর্থন দিলেন এই আসনে দলের অপর মনোনয়নপ্রত্যাশী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই দুই নেতার উপস্থিতিতে গোয়াইনঘাটে কর্মিসভা করেছে বিএনপি। এতে দুই নেতা ও তাদের অনুসারীরা অংশ নেন এবং নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেটবাসীসহ পুরো দেশ এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের সার্বিক চিত্র বদলে যাবে। তারেক রহমানের প্রত্যাবর্তন শুধুমাত্র একজন নেতার দেশে ফেরা নয়, বরং এটি গণতন্ত্র উদ্ধার আন্দোলনের জন্য এবং বাংলাদেশকে আবারো উন্নয়নের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হবে।’ 

গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত কর্মিসভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।

সভায় হাকিম চৌধুরী বলেন, ‘আমি এই আসনে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু মনোনয়ন না পাওয়ায় আমার শুভাকাঙ্খীরা কষ্ট পেয়েছিলেন। সেই কষ্টকে আমরা দূরে ঠেলে দিয়েছি। কারণ ধানের শীষের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। এখানে পরীক্ষিত ব্যক্তিত্ব আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’  

কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আবদুস শুকুর, তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ দৌলত ও বিএনপি নেতা সামছুউদ্দিন আল আজাদ।

আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আবদুল মালেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তোহেল, ছাত্রদল নেতা এডভোকেট নজরুল ইসলাম, ইমতিয়ার হোসেন আরাফাত, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক  আফজল হোসেন, জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত