অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ চলাকালীন মাঠের বাইরের বিতর্কে জড়িয়েছে ইংল্যান্ড দল। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝের বিরতিতে নুসা সৈকতে ইংল্যান্ড ক্রিকেটারদের অবকাশ যাপন এবং মদ্যপানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চলছে কঠোর সমালোচনা। বিশেষ করে ওপেনার বেন ডাকেট যেভাবে প্রকাশ্য রাস্তায় মাতলামি করেছেন, সেটা কেউ মেনে নিতে পারছেন না।
এমন প্রেক্ষাপটে ক্রিকেটারদের পাশেই দাঁড়ালেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেছেন, ‘নুসায় তারা কী করেছে, সেটা নিয়ে আমি সমালোচনা করব না। আমি সমালোচনা করব তারা মাঠে কী করছে, কীভাবে খেলছে এবং কীভাবে প্রস্তুতি নিচ্ছে- সেসব বিষয়ে। দু-একদিন ছুটিতে কয়েক গ্লাস বিয়ার খাওয়া নিয়ে তরুণদের দোষারোপ করা ঠিক নয়। আমি নিজেও খেলোয়াড় থাকাকালীন একই কাজ করেছি।’
ক্রিকেটারদের পাশে দাঁড়ালেও ভন অবশ্য স্বীকার করেছেন যে, ভাইরাল হওয়া ভিডিওটি ভালো কিছু নয়। তবে শুধু ডাকেটকে নিশানা করা অন্যায়। ভনের মতে, এটি কোনো একজন খেলোয়াড়ের ব্যর্থতা নয়, বরং ক্রিকেটের দীর্ঘদিনের ড্রিঙ্কিং কালচারের অংশ। তার ভাষায়, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা—সব জায়গাতেই এই সংস্কৃতি আছে। কয়েকদিন ছুটি পেলে তরুণ খেলোয়াড়রা এমন আচরণ করবেই—এটাই বাস্তবতা।’
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস অবশ্য এ বিষয়ে কূটনৈতিক মন্তব্য করেছেন। তিনি ঘুরিয়ে বলেছেন যে, এসবের চেয়ে খেলোয়াড়দের মানসিক ও শারীরিক সুস্থতা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান রব কি পুরো বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন। এই আবহের মাঝেই আগমীকাল থেকে মেলবোর্নে শুরু হচ্ছে অ্যাশেজের বক্সিং ডে টেস্ট। প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
টাকা দিতে না পেরে বিপিএল শুরুর আগের দিন মালিকানা ছাড়ল চট্টগ্রাম
আইএল টি-টোয়েন্টি থেকে বিপিএলে ফিরলেন মোস্তাফিজ-তাসকিন
নেইমারকে দলে ভিড়িয়েও র্যাংকিংয়ে সান্তোসের ভরাডুবি!