বিপিএলে নতুন নাটক: রেগেমেগে সিএনজি করে মাঠ ছাড়লেন নোয়াখালী কোচ সুজন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পিএম

চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেওয়ার পর বিপিএল নাটকে এবার যুক্ত হলো নোয়াখালী এক্সপ্রেস। বিপিএল শুরুর আগের দিন আজ বৃহস্পতিবার দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলের অনুশীলন থেকে চলে যান। তার সঙ্গে ছিলেন সহকারী কোচ তালহা জুবায়ের।

আজ দুপুর দেড়টার দিকে নোয়াখালীর ক্রিকেটাররা টিমবাস থেকে নামছিলেন অনুশীলনের জন্য। এর মাঝেই হঠাৎ খালেদ মাহমুদকে দেখা যায়, স্টেডিয়াম ছাড়তে। মুহূর্তে সাংবাদিকরা ঘিরে ফেলেন তাকে। সুজন জানান, তিনি মাঠ ছেড়ে চলে যাচ্ছেন! এসময় তিনি দলের লজিস্টিক সাপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সিএনজি করে মাঠ ছাড়ার সময় নোয়াখালী এক্সপ্রেসের কয়েকজন কর্মকর্তা সুজনকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সুজন জানান, তিনি আর বিপিএলে কোচিং করাতে চান না। তার ভাষায়, ‘অনেক কোচ আছে, নিতে পারবে।’ বলেই তালহা জুবায়েরকে নিয়ে সিএনজিতে করে মাঠ ছেড়ে চলে যান খালেদ মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত