মাথায় একগাদা সমস্যা ও জটিল বিষয়-আশয়। চিন্তা, দুশ্চিন্তা, ভাবনা, দুর্ভাবনা, উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে ৫৪ বছর বয়সী বাংলাদেশের হেতাল বুনিয়ার হাতেম হাওলাদার। ইদানীং তিনি নানা পথ ও মতের মারপ্যাঁচে ঘুরপাক খাচ্ছেন। এসব সমস্যার সঙ্গে তার বোঝাপড়া করার সুযোগ ও সময় মিলছে না। ইদানীং স্মৃতিশক্তি ততটা অনুকূলে নেই। শরীরে নানা ব্যামো বাসা বেঁধেছে। আপন ভাইয়েরা পৈতৃক সম্পত্তির ভোগদখল নিয়েছে। নিজেরাই থানা-পুলিশ, কোর্ট কাচারি করে বেড়াচ্ছে। ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, থানার দারোগা, পুলিশ, কোর্টের উকিল-পেশকার-মুহুরি সবাই যেন চাচ্ছে, দুই ভাইয়ের গোলমাল ভালো করে টিকে থাক। দুজনের কাছ থেকে উপরি পাওয়ার ষোলো মাস আগের সুযোগ কি সহজে হাতছাড়া করা যায়? হাওলাদার মনে মনে ক্ষুব্ধ হয়। পতিত সময়ে যত ক্ষত তৈরি করা হয়েছে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে তার মধ্যে অন্যতমটি হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি-দুরাচার তৃণমূল থেকে মাথা পর্যন্ত অপশাসনকে টেকসই করে যাওয়া। হাতেম হাওলাদার আশায় বুক বেঁধেছিল বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে অপশাসন পলায়নের সঙ্গে সঙ্গে তৃণমূলে অপশাসনের অবসান হবে। কিন্তু কই? আজকাল যেকোনো পিচ্চি প্রকৃতির ষড়যন্ত্র, ঝুট ঝামেলার গ্রাম্য শালিসে না গিয়ে, সরাসরি কোর্টে চলে যাচ্ছে। কোর্ট থেকে থানা, থানা হয়ে পুলিশের হাতে। আর জমিজমা সংক্রান্ত অভিযোগগুলো কোর্ট থেকে তদন্তের জন্য এসিল্যান্ড এবং এসিল্যান্ড নায়েবের কাছে পাঠাচ্ছেন। নায়েব পক্ষে বা বিপক্ষে রিপোর্ট দেওয়ার জন্য টাকা চাচ্ছে। অর্থাৎ মোটা টাকা পেলে সত্য-মিথ্যা রিপোর্ট দিতে পারবে। জনসেবা এখন ক্ষৈত্রিক পর্যায়ে ক্ষমতার কাছে এমনভাবে ইজারা দেওয়া হয়েছে। নায়েব থেকে এসিল্যান্ড, এরপর ওপরের সবাই। প্রত্যেকে তার ওপর, তার ওপর করতে করতে টাকার খেলায় বিপিএলের মতো ফূর্তিতে কোটি কোটি টাকার বিকিকিনির খেলায় মেতেছে।
হেতাল বুনিয়ার হাতেম হাওলাদার মহাবিপদে আছেন। তিনি অন্যকে দু-একটা ভালো কথা শোনাতে গিয়ে, নিজেই অন্যের কূট কথার মধ্যে পড়ে যাচ্ছেন। লোকের দোষ ধরতে গিয়ে অন্যরা তার দোষ খুঁজে বের করে। এরপর তাকে ফাঁসানোর চেষ্টা করছে। গ্রেশামস ল অনুযায়ী, সমাজে হাওলাদারদের (গুড মানি) দাঁড়াতে দিচ্ছে না, দুষ্ট-দুষ্কতকারী-দুর্নীতিবাজরা (ব্যাড মানি)। ইট মারলে পাটকেল খেতে হয়, এমন একটি মহাজন বাক্য শুনে অভ্যস্ত হাতেম হাওলাদার। এখন তিনি ভেবে পান না, কেন এমন হলো পরিবেশ পরিস্থিতি? তিনি তো নিজের স্বার্থে, অন্যের অন্যায়ের দোষ অন্বেষণে যাচ্ছেন না! তিনি সবার স্বার্থেই এটি করতে যাচ্ছেন। হাতেম হাওলাদার সবার স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে নৈতিক দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তিনি কেন সেই দায়িত্ব পালনের জন্য নিজে হেনস্তা হবেন? ব্যক্তিগত স্বার্থবোধ জাতীয় স্বার্থের ভেতর প্রবেশ করাতে গিয়ে, জাতীয় স্বার্থবোধ ব্যক্তিগত স্বার্থের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। হাতেম আলী এটাও মেলাতে পারেন না যে, জাতীয় স্বার্থবোধকে ঊর্ধ্বে তুলে ধরতে তাকে এভাবে কেন বেগ পেতে হবে? বড় চোরকে ধরার নাম করে যেসব কড়া কড়া আইন, তা তো বড় চোরের বেলায় প্রয়োগ না হয়ে, পুচকে চোর এমনকি নিরীহ ব্যক্তিবর্গের ওপর প্রয়োগ ও প্রযোজ্য হচ্ছে কেন? আইনের শাসনের শেষ কোথায়, কোথা থেকে শুরু, কার জন্য আইন, কার জন্য তার প্রয়োগ ও প্রযোজ্যতা তা বোঝার হেরফেরে পড়ে যাচ্ছে। প্রকাশ্য দিবালোকে গুলি করে খুনি নিরাপদে পালিয়ে যাবে, এমনকি তাকে পালিয়ে যেতে সহায়তা করা হবে, কেউ না কেউ তাকে আশ্রয়-প্রশ্রয় দেবে এ কেমনতর বেকায়দা পরিবেশ? রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেল খুনি! এর দোষ ওর দোষ ধরা যেতেই পারে, কিন্তু দাগি আসামি নাকের ডগা থেকে পালিয়ে যাবে? সবাই যেন বলছে ‘আমার বলার কিছু ছিল না’ । আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টার মধ্যে আন্তরিকতার মধ্যে প্রশ্ন উঠবে কেন? শর্ষের মধ্যে ভূত থাকবে কেন? অথবা ভূত ঝাড়াবার আয়োজন ও ভূতাকান্ড হবে কেন? কেন সব কিছু পরিষ্কার করতে গিয়ে বাধা আসবে, ভিন্ন ব্যাখ্যা আসবে?
দেশ ও জাতিকে ঐক্যবদ্ধকরণে সংশয়, সন্দেহের জঞ্জাল বড় বেকায়দা পরিবেশ সৃষ্টি করে। থাকতেই পারে, বশংবদ সমস্যা। কিন্তু সেগুলো মোকাবিলার জন্য চাই পারস্পরিক আস্থার পরিবেশ। নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে, সব বিষয়ে ঐকমত্যে থাকতে হবে। মতানৈক্যের মাসুল দিতে দিতে, ঐকমত্যের পায়ের তলায় মাটি সরে গেলে করার কিছু থাকবে না। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়া জরুরি, হাওলাদারের অভিমত সেটি। হাতেম হাওলাদার হেতাল বুনিয়ার একজন সচেতন নাগরিক। তবে নিজেকে শক্ত রাখতে ইদানীং যুক্তি ও যৌক্তিকতাকে এক জায়গায় আনতে হিমশিম খাচ্ছেন। তিনি দেখছেন, অভাবের সংসারে যেমন তেল আনতে নুন ফুরায়, তেমনি রাজনীতিকে শক্তিশালী করতে গিয়ে অর্থনীতিকে দুর্বল সাব্যস্ত হতে হচ্ছে। যদিও রাজনীতির জন্য অর্থনীতির সমর্থন প্রয়োজন। আবার অর্থনীতিকে ঠিক করতে গেলে, রাজনীতিকে আসামি বা দায়ী করতে হয়। রাজনীতি উচ্চকণ্ঠ হতে হলে, অর্থনীতি মাইন্ড করে। অর্থনীতির বেড়া গাছ খেয়ে ফেলে রাজনীতিকে ক্ষমতাহীন করে ফেলে। দেশটা সবার। রাজনীতি ও অর্থনীতিকে পরস্পরের পৃষ্ঠপোষক হতে হবে। অর্থনীতি যেমন রাজনীতিকে, তেমনি রাজনীতিও অর্থনীতিকে নতুন প্রত্যয় ও প্রতীতি দান করবে। সমাজে নানা উপায় ও উপলক্ষে এমন সব ঘটনাবলির উদ্ভব হয়, যা সমাজের গতিপ্রকৃতির দিক নির্দেশ করে। গঠনমূলক কর্মকান্ডে সমাজ সমৃদ্ধ হয়। অবকাঠামোগত উন্নয়নের দ্বারা বিজ্ঞান ও সভ্যতার অনেক সুযোগ সহজে হাতের কাছে আসে। ধ্যান-ধারণায় তা যেমন নতুন মাত্রা যোগ করে, মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও সূচিত হয় নানা সুযোগ।
শোষণ, বঞ্চনা, বৈষম্যের অবসান ঘটাতে মানুষ সংগ্রাম করে। শোষণহীন বঞ্চনা বৈষম্যরহিত সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় বুক বাঁধে। প্রত্যাশা পূরণের স্বপ্ন বাস্তবায়িত হতে দেখলে, সংগ্রামের স্বার্থকতা সে খুঁজে পায়। উদ্দীপ্ত চেতনায় দীপান্বিত হয়ে ওঠে। তার এবং সবার ঐকান্তিক প্রয়াস, প্রচেষ্টায় উন্নয়ন ও সংহতি সুদৃঢ় হয়ে ওঠে। আকাক্সক্ষা ও প্রত্যাশা পূরণের পরিতৃপ্তিতে তুষ্ট জনগোষ্ঠীকে কোনো বাদ-বিসংবাদ বিভ্রান্ত করতে পারে না। আগে যেমন বলা হয়েছে, মানুষ তার কর্মকান্ডের যৌক্তিকতা খুঁজে ফিরে নিয়ত নিজের নিরীখে। যদি দেখা যায়, ক্ষুদ্র ও খ-িত স্বার্থবাদিতায় নানান বিভ্রান্তি ও ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে আত্মত্যাগের মহৎ উদ্দেশ্য, তাহলে তার সক্রিয় অংশগ্রহণের যৌক্তিকতার ভিত্তি নড়বড়ে হয়ে যায়। উদ্দেশ্য-অভিপ্রায়ের, প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ানের আঙিনায় অপব্যাখ্যার আগাছা জন্ম হয়। প্রয়োজনে অনুরূপ সে আগাছা বাঁধা হয়ে দাঁড়ায়। সমাজের চলৎশক্তির জন্য, সেটা দারুণ দুঃসংবাদ। অথচ ব্যষ্টি ও সমষ্টির মধ্যে নিয়ত এ প্রয়াস প্রত্যাশিত থেকে যায় যে, তীব্র প্রতিযোগিতাময় প্রাগ্রসরমান বিশ্ব ব্যবস্থার সঙ্গে তালমিলিয়ে তুলনামূলক সমৃদ্ধি অর্জনের। এটা অত্যন্ত জরুরি ও প্রয়োজন যে, প্রতিনিয়ত সফলতা ব্যর্থতার খতিয়ান পর্যালোচনা, ভুল পদক্ষেপকে শনাক্ত করে শ্রেয়তর পদক্ষেপ গ্রহণ করতে হয়। ঐকান্তিকতার পরিপোষণ এবং বিভ্রান্তি ও বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র, প্রশ্রয় পেয়ে যাতে উন্নয়নের ধারায় বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা দরকার। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র একসূত্রে গাথা এবং তার বর্তমান অতীব গুরুত্বপূর্ণ। ঐতিহ্যমণ্ডিত অতীতকে সফল এবং বর্তমানকে যুক্তিগ্রাহ্য করে তুলতে পারলেই তা সমৃদ্ধ ভবিষ্যতের সোপান হিসেবে স্বীকৃত হবে। আজকের বর্তমানও, ইতিহাসের বিবেচ্য বিষয় হবে। সবসময় অতীত বন্দনা ও প্রতিষ্ঠায় দৃষ্টি ও মনোযোগ নিবদ্ধ থাকলে, বর্তমানের কী হবে? কোন পরিচয়ে বর্তমান ইতিহাসের পাতায় ঠাঁই নেবে সে বিবেচনাও যথেষ্ট জরুরি। অতীত থেকে শিক্ষা নিয়েই বর্তমান বিনির্মাণের প্রয়াস প্রচেষ্টার মাধ্যমে, সোনালি ভবিষ্যৎ প্রতিষ্ঠার স্বপ্ন-সার্থক হতে পারে।
মোটা বুদ্ধির মানুষ হয়েও, হাতেম হাওলাদার দিব্যচোখে দেখতে পান বিদ্যমান ব্যবস্থাপনার সংস্কার কিংবা উন্নয়নকামী যেকোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণে বাস্তবায়নের দৃঢ়চিত্ততা না থাকলে, সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিক প্রয়াস নিশ্চিত হয় না। সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি কিংবা ঠুনকো কার্যকরণকে উপলক্ষ করে নেওয়া পদক্ষেপ দীর্ঘস্থায়ী ফল বয়ে আনে না। শুধু নিজেদের মেয়াদকালে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ ও কার্যক্রম গ্রহণ করলে, পরবর্তী জন পূর্ববর্তী জনের কার্যক্রমকে ভিন্ন দৃষ্টিতে দেখার রেওয়াজ শুরু হতে পারে। তখন টেকসই উন্নতির সম্ভাবনা সীমিত হয়ে পড়তে বাধ্য। জাতীয় উন্নয়ন পরিকল্পনার জন্য দূরদৃষ্টি রূপকল্প প্রণয়নকারীর প্রগাঢ় প্রতিশ্রুতি ও দৃঢ়প্রত্যয় প্রয়োজন। সমস্যা গোচরে এলে, ব্যবস্থা নিতে নিতে সব সামর্থ্য ও সীমিত সম্পদ নিঃশেষ হতে দিলে, প্রকৃত উন্নয়নের জন্য পুঁজি ও প্রত্যয়ে ঘাটতি তো হবেই। সমস্যারা পরস্পরের মিত্র। একটার সঙ্গে একটার যেন নাড়ির যোগাযোগ। আইনশৃঙ্খলার সঙ্গে ব্যক্তি নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তার সঙ্গে সামাজিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার সঙ্গে আয় উপার্জনের সব কার্যক্রমের কার্যকরণগত স¤পর্ক রয়েছে। দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে চাই আয় উপার্জনের সুস্থ স্বাভাবিক পরিবেশ। শিক্ষা কর্মদক্ষতাকে, স্বাস্থ্যসেবা কর্মক্ষমতাকে, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটবে এটাই প্রত্যাশা। সর্বত্র সেই পরিবেশের সহায়তা একান্ত অপরিহার্য, যেখানে সীমিত সম্পদের ও সুযোগের সর্বোত্তম ব্যবহার সম্ভব। একটাকে উপেক্ষা মানে, যুগপৎভাবে অন্যান্য অনেক সমস্যাকে ছাড় দেওয়া। সমস্যার উৎসে গিয়ে সমস্যার সমাধানে ব্রতী হতে হবে। এ কাজ কারও একার নয়, এ কাজ সবার। সমস্যার মোকাবিলায় প্রয়োজন, সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ। সমস্যা পরিপোষণের জন্য নয়। যেকোনো সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়নের জন্য জনমত সৃষ্টি, আস্থা আনয়ন ও একাগ্রতা পোষণে গঠনমূলক উদ্যোগ গ্রহণ অপরিহার্য। সংস্কার বাস্তবায়ন কোনো মতেই সহজসাধ্য নয়। যে কারণে সর্বত্র দৃঢ়চিত্ততা আবশ্যক। এখানে দ্বিধান্বিত হওয়া, দ্বিমত পোষণ করা কিংবা প্রথাসিদ্ধবাদী বশংবদ বেনিয়া মুৎসুদ্ধি মানসিকতার সঙ্গে আপস করার সুযোগ থাকতে নেই।
লেখক: সাবেক সচিব ও কলামিস্ট