ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়েছে শত-শত যানবাহন ও যাত্রীসাধারণ। ফেরি চলাচল বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ এই দু’নৌরুটে যাতায়াতে ভোগান্তি চরমে পৌঁছেছে।
ঘাট কাউন্টার সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার আরিচা-পাটুরিয়া ও ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে কুয়াশার মাত্রা ক্রমেই ঘনীভূত হওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে মাঝ নদীতে ভাষা শহীদ বরকত, কেরামত আলী, বিএস ডা. গোলাম মাওলা ও বীরশেষ্ঠ মতিউর রহমান ফেরি আটকা পরে আছে।
অপরদিকে, আরিচা ঘাট প্রান্তে রো-রো ফেরি হামিদুর ও ধানসিঁড়ি নোঙর করে রাখা হয়েছে। কাজিরহাট প্রান্তে শাহআলী ও চিত্রা ফেরি ঘাটের কাছে নিরাপদ স্থানে নোঙর অবস্থায় রয়েছে।
এ বিষয়ে আরিচা সেক্টরের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ দৈনিক দেশ রূপান্তরকে জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন ও যাত্রীসাধারণের ভোগান্তি এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।
উল্লেখ্য, আরিচা-কাজিরহাট নৌরুটে নিয়মিতভাবে চারটি রো-রো ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ছোট-বড় ১৪টি ফেরির মাধ্যমে ট্রাক, বাস, ব্যক্তিগত গাড়ি ও সাধারণ যাত্রী পারাপার হয়ে থাকে।
