মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রথমে কামালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে। এতে শাহাবুদ্দিনের হার্ডওয়্যার দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল, দেলোয়ারের কাঠের দোকানের প্রায় ১৫ লাখ টাকা, কামালের ডেকোরেটর দোকানের প্রায় ১৫ লাখ টাকা, আবুল কালামের চায়ের দোকানের প্রায় ১০ হাজার টাকা এবং কামালের মুদি দোকানের প্রায় ২০ হাজার টাকার মালামাল পুড়ে যায়। এছাড়া আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে সিরাজদীখান থানার পুলিশের টহল দল, সিরাজদীখান ও টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১২টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপর সিরাজদীখান ও টঙ্গীবাড়ি ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করে। আগুনে সাতটি টিনশেড দোকানে থাকা টিন, কাঠ, ডেকোরেশন সামগ্রী ও হার্ডওয়্যার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।
