স্বতন্ত্র নির্বাচন করতে জারার দরকার আর ২ হাজার ভোটারের স্বাক্ষর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ এএম

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। সেই লক্ষ্যে এই আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তিনি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন-সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয়। আজই মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। 

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে ঢাকা-৯ আসনের ৪৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফরমে প্রয়োজন তাসনিম জারার। এরই প্রেক্ষিতে তাঁর আসনে চলছে স্বাক্ষর গ্রহণ। এ পর্যন্ত প্রায় ৩ হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার মধ্যে এই স্বাক্ষরগুলি সংগ্রহ করতে হবে।

রবিবার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেন, আমরা সকাল থেকে আপনাদের স্বাক্ষর সংগ্রহ করছি। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে ৫ হাজার স্বাক্ষর সংগ্রহ করতে হবে। 

তিনি আরও বলেন, এটার জন্য আমাদের মাহি, সাগরিকা ও রাফির মত ইনোভেটিভ স্বেচ্ছাসেবক লাগবে। ওনারা আমাদের কাছ থেকে একটা ফর্ম নিয়ে যেয়ে অল্প সময়ের মধ্যে ১০, ২০ টা সিগনেচার কালেক্ট করে আমাদের কাছে ফর্মটা এনে দিয়েছেন।

পোস্টে তাসনিম জারা সাধারণ মানুষের সহায়তার উপায়ও তুলে ধরেন। যেভাবে সাহায্য করা যাবে:

১. ফর্মটি প্রিন্ট করতে হবে বা তাদের বুথ থেকে সংগ্রহ করতে হবে।
২. প্রথম পেজে নাম, ঠিকানা ও সাক্ষর সংগ্রহ করতে হবে। ক্রমিক ও ভোটার নম্বর কলাম দুইটি ফাঁকা রাখতে হবে। এই দুইটি কলাম ফাঁকা না রাখলে ফর্মটি বাতিল হয়ে যাবে।
৩. দ্বিতীয় পেজে একই ব্যাক্তির নাম আবার লিখতে হবে ও ভোটার আইডি লিখতে হবে।
৪. এরপর ফর্মটি যে কোন একটি বুথে এসে জমা দিতে হবে।

বুথের ঠিকানা:
বুথ ১: খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন, ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীতে।
বুথ ২: বাসাবো বালুর মাঠ, সবুজবাগ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত