বাংলাদেশ লেবার পার্টির ঢাকা-১২ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরান বলেন, শুধু প্রার্থী নয়, আমরা ১৮ কোটি মানুষের নিরাপত্তা চাই। আজ (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে এই দাবি জানান তিনি।
মোস্তাফিজুর রহমান বলেন, দেশের মানুষ একটি আতংকিত পরিবেশের মধ্যে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এখনো অবৈধ অস্ত্রগুলো উদ্ধার কর হয়নি। ছোট দলগুলোর প্রার্থীদের বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে তিনি বলেন, থানায় জিডি করার পরও শরীফ ওসমান হাদিকে খুন হতে হয়েছে। এখনো খুনীদের গ্রেপ্তার করা যায়নি। তাই শুধু প্রার্থীদের নিরাপত্তা দিলে হবে না, ১৮ কোটি মানুষকে নিরাপত্তা দিতে হবে।
এসময় তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। বড় দলগুলোকে বেশি সুবিধা দিচ্ছেন। তফসিল ঘোষণা হলেও বড় দলগুলো প্লেকার্ড-পোস্টার-বিলবোর্ড এখনো নামায়নি। সেগুলো এখনও ঝুলছে। নির্বাচন কমিশন দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।
