নির্বাচন করতে পারবেন তো তাসনিম জারা?

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

বিপাকে পড়েছেন এনসিপি থেকে সদ্য পদত্যাগকারী নেত্রী ডা. তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ভোটারদের স্বাক্ষর সংগ্রহে প্রয়োজনীয় ভোটার নম্বর পাওয়ার সব পথ বন্ধ থাকায় তিনি সমস্যায় পড়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেও এ সমস্যার সমাধান হয়নি।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে বাংলাদেশের নাগরিক হতে হবে, ২৫ বছর বয়স পূর্ণ হতে হবে, ভোটার তালিকায় নাম থাকতে হবে এবং নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হবে। এর সঙ্গে আয়কর রিটার্ন, সম্পদের বিবরণী ও নির্দিষ্ট ফরম্যাটে ছবি ও হলফনামাও জমা দিতে হয়।

এই শর্ত অনুযায়ী তাসনিম জারা গতকাল থেকে নির্বাচনী এলাকা ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) থেকে স্বাক্ষর সংগ্রহ শুরু করলেও, ভোটার নম্বর সংগ্রহ করতে গিয়ে বড় বাধার মুখে পড়েছেন। নির্বাচন কমিশন কর্তৃক ভোটার নম্বর সংগ্রহের জন্য নির্ধারিত পাঁচটি পদ্ধতিই কার্যকর নয় বলে জানিয়েছেন তিনি।

তাসনিম জারা বলেন, এসএমএস, অনলাইন, কল সার্ভিস, কিউআর কোডসহ পাঁচ উপায়ে ভোটার নম্বর পাওয়ার কথা, কিন্তু একটি পদ্ধতিও কাজ করছে না। ওয়েবসাইটের সার্ভার ডাউন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটার নম্বর অপরিহার্য, কিন্তু তা পাওয়াই অসম্ভব করে রাখা হয়েছে।

মনোনয়নপত্র জমার শেষ দিনে এই সমস্যা নির্বাচনে তার প্রার্থীতা নিয়ে তৈরি করেছে বিরাট সংশয়! 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত