ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে বিএনপিসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কে. এম. মামুনুর রশিদের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক ভিপি মো. সাইফুল ইসলাম ও মো. নুরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে মো. শরিফুল আলম সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৈরব-কুলিয়ারচর একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। নির্বাচিত হলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন, সাম্য, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের ভিত্তিতে একটি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো।
তিনি আরও বলেন, বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি, সাংবাদিকরাও স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেননি। দলীয় প্রভাব ও প্রতিবন্ধকতার কারণে গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত ছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে, যাতে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
এদিকে বিএনপির প্রার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ আরও ৯ জন প্রার্থী এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
