বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার সকাল ৯টায় এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সংবাদ নিশ্চিত করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়েছেন, ‘আম্মা আর নেই।’
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক ও স্মরণ কর্মসূচি ঘোষণা করেছে। রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান।
আগামী সাত দিনের কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, আগামী সাতদিন শোক পালনকালে দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা টানানো থাকবে। বিএনপির সব নেতা-কর্মী কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া সব দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া নয়া পল্টন এবং গুলশান কার্যালয়ে শোক বই খোলা হবে।
খালেদা জিয়ার নামাজের জানাজার সময় ও স্থান পরে জানানো হবে বলেও উল্লেখ করেন রুহুল কবির রিজভী।
