ইয়েমেনের বন্দরে বিমান হামলা সৌদি আরবের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম

সৌদি আরব মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় বোমা হামলা চালায়। তাদের দাবি, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি জাহাজে করে সেখানে বিচ্ছিন্নতাবাদী বাহিনীর জন্য অস্ত্রের একটি চালান পৌঁছেছিল। তবে এ হামলার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত তাৎক্ষণিকভাবে কোনো স্বীকৃতি বা মন্তব্য দেয়নি। 

রাষ্ট্রীয় সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানায়, ফুজাইরাহ বন্দর থেকে আসা দুটি জাহাজ থেকে নামানো অস্ত্র ও সামরিক যান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে তারা বলে, বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে রাতের বেলায় অভিযানটি পরিচালিত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই হামলাকে সৌদি আরব ও দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আমিরাত–সমর্থিত এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সম্প্রতি ইয়েমেনের হাদরামাউত প্রদেশের কিছু অংশ দখল করেছে। বিশ্লেষকদের মতে, এ ঘটনা ইয়েমেন যুদ্ধে বিপরীত পক্ষকে সমর্থন করা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান টানাপোড়েনও স্পষ্ট করছে, যদিও দুই দেশ দীর্ঘদিনের মিত্র।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত