২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকলেও দলে রাখা হয়েছে গতির তারকা পেসার জফরা আর্চারকে। একই সঙ্গে প্রথমবারের মতো সীমিত ওভারের আন্তর্জাতিক দলে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার জশ টং।
প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন জেমি স্মিথ, জর্ডান কক্স ও সাকিব মাহমুদ। তাদেরকে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে আর টি–টোয়েন্টি দলেও রাখা হয়নি। হাঁটুর চোটে ভুগতে থাকা পেসার সাকিব মাহমুদকে এখনও পুরোপুরি ফিট মনে করছেন না নির্বাচকরা। শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ। এরপরই শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে গ্রুপ পর্বে ইংল্যান্ডের প্রতিপক্ষ নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও ইতালি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর তৃতীয় টেস্টে চোটে পড়েন জফরা আর্চার। সেই চোটের কারণে তিনি সিরিজের বাকি অংশ খেলতে পারেননি। বর্তমানে বার্বাডোজে ইসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন আর্চার। শ্রীলঙ্কা সফরে তিনি খেলতে পারবেন না, তবে ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে তার দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক হ্যারি ব্রুকের আস্থায় দলে জায়গা পেয়েছেন জশ টং। ভারত ও শ্রীলঙ্কার তুলনামূলক ফ্ল্যাট উইকেটে তার গতি ও বাউন্স কার্যকর হবে বলে মনে করছেন টিম ম্যানেজমেন্ট। চলতি বছরে দ্য হান্ড্রেড ও অ্যাশেজে টংয়ের পারফরম্যান্স নির্বাচকদের নজর কাড়ে। ব্যাটিং বিভাগে ফিরেছেন বেন ডাকেট ও উইল জ্যাকস। অন্যদিকে দীর্ঘদিন পর ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন জাক ক্রলি।
অ্যাশেজে হতাশাজনক পারফরম্যান্সের পর সীমিত ওভারের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোই এখন ইংল্যান্ডের মূল লক্ষ্য। বিশ্বকাপে ভালো ফলই কোচ ম্যাককালামের ওপর চাপ কমাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের প্রাথমিক দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার (শুধুমাত্র বিশ্বকাপ), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স (শুধুমাত্র শ্রীলঙ্কা সফর), স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টং, লুক উড
শ্রীলঙ্কা সফরের জন্য ইংল্যান্ডের ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, লুক উড
বেগম খালেদা জিয়ার প্রয়াণে সাকিব-তামিম-মাশরাফিদের শোকবার্তা
১০ ওভারে ১২৩ রান দিয়ে ভারতীয় বোলাারের লজ্জার রেকর্ড