আইএল টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। অবশ্য তার পারফর্মেন্সের সুযোগও কম ছিল। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে করেন মাত্র ৮ রান। এর আগে ১ ওভার বোলিং করার সুযোগ পেয়ে দিয়েছেন ১০ রান। সাকিবদের দল এমআই এমিরেটসকে ৪৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ডেজার্ট ভাইপার্স।
মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রিস গাউসের ৫৮ বলে ৯ ছক্কা ও ৭ চারে অপরাজিত ১২০ রানে ভর করে ১ উইকেটে ২৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভাইপার্স। এটা যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। এছাড়া ফখর জামান ৫০ বলে ৬৯ এবং অধিনায়ক স্যাম কারেন ১২ বলে ৩৮* রানের ক্যামিও খেলেন। ইনিংসের ৭ম ওভারে বল করতে এসে ১০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। একমাত্র উইকেটটি নেন গজনফর।
রান তাড়ায় শুরুটা মন্দ ছিল না এমিরেটসের। প্রথম ১০ ওভারে এক উইকেটে ১০৪ রান তোলে তারা। একাদশ ওভারে ৩২ বলে ৪১ রান করা ওয়াসিম আউট হলে তারা ছন্দ হারায়। ভাঙে ৪৩ বলে ৮১ রানের জুটি। পরপর দুই বলে ব্যান্টন (২৭ বলে ৬৩) ও সঞ্জয় কৃষ্ণমূর্তিকে ফিরিয়ে দেন পাকিস্তানের অফ স্পিনার উসমান তারিক। ষোড়শ ওভারে ৮ নম্বরে নেমে সাকিব করেন ৬ বলে ৮ রান। শেষ পর্যন্ত ১৮৮ রানের বেশি করতে পারেনি এমিরেটস।
এই পরাজয়ে অবশ্য টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে না সাকিবদের। আবু ধাবি নাইট রাইডার্স ও দুবাই ক্যাপিটালসের ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী শুক্রবার তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার।
ভারত-পাকিস্তানের হ্যান্ডশেক বিতর্ক এবার ইংলিশ প্রিমিয়ার লিগে
২৬ ম্যাচে ৩ জয় পাওয়া সুজন এবারও কি পরাজয়ের রেকর্ড গড়বেন?