মুদ্রা পরিবর্তন হচ্ছে বুলগেরিয়ার

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

বুলগেরিয়া বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে ইউরোজোনের ২১তম সদস্য হিসেবে ইউরোকে জাতীয় মুদ্রা হিসেবে চালু করতে যাচ্ছে। তবে দেশের জনগণের মধ্যে এই মুদ্রা পরিবর্তনকে ঘিরে গভীর সংশয় এবং মূল্যবৃদ্ধির আশঙ্কা বিরাজ করছে। ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হলেও, দীর্ঘ অপেক্ষার পর দেশটি কেবল ২০২৫ সালের জানুয়ারিতে ইউরোজোনে যোগদানের প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেছে।

বুলগেরিয়ান মুদ্রা লেভ প্রতিযোগিতায় ইউরোর চেয়ে পিছিয়ে এবং দেশটির ৮০ শতাংশের বেশি আমদানির মূল্য ইতিমধ্যেই ইউরোতে নির্ধারিত। বিশ্লেষকদের মতে, ইউরোতে রূপান্তরের ফলে মুদ্রাস্ফীতি প্রায় ০.২–০.৪ শতাংশের মধ্যে সীমিত থাকবে। 

এ পদক্ষেপের ফলে বিশ্বে ইউরো ব্যবহারকারী মানুষের সংখ্যা ৩৫৬ মিলিয়ন ছাড়াবে এবং প্রথমবারের মতো এই মুদ্রা কৃষ্ণ সাগর অঞ্চলে প্রবেশ করবে। তবুও অনেক বুলগেরিয়ান আশঙ্কা করছেন, এতে দামের ঊর্ধ্বগতি হবে এবং ছোট শহর ও পেনশনপ্রাপ্ত নাগরিকদের জন্য ক্রয়ক্ষমতা কমবে। দেশটির রাজনৈতিক অস্থিরতা জনগণের সংশয়কে আরও বাড়িয়েছে। কর বৃদ্ধি প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনের পর শাসক জোট ডিসেম্বর মাসে পদত্যাগ করেছে। রাষ্ট্রপতি রুমেন রাদেভ ইউরো গ্রহণে জনমত সংগ্রহের জন্য গণভোটের আহ্বান করেছিলেন, যা সংসদ প্রত্যাখ্যান করেছে। 

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) সভাপতি ক্রিস্টিন লাগার্ড জানিয়েছেন, 'ইউরো ব্যবহারে বাণিজ্য সহজ হবে, অর্থায়নের খরচ কমবে এবং দাম স্থিতিশীল থাকবে'। তবে অনেক বুলগেরিয়ানের জন্য অর্থনৈতিক ঝুঁকি এবং জাতীয় পরিচয় হারানোর আশঙ্কা এখনও বিতর্কের মূল বিষয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত