বিদেশি কর্মীদের জন্য প্রবেশবিধি কঠোর করল ওমান

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

বিদেশি কর্মীদের জন্য প্রবেশের নিয়ম আরও কঠোর করেছে ওমান। নতুন ব্যবস্থায় চাকরিপ্রার্থীদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা আগেই যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ভুয়া সনদ জমা দিলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

ওমানের শ্রম মন্ত্রণালয়ের অধীন্রে পেশাগত মান বিভাগের পরিচালক জাহির বিন আবদুল্লাহ আল শেখ জানান, পেশাগত স্বীকৃতি ব্যবস্থার আওতায় প্রকৌশল, লজিস্টিকস ও হিসাবরক্ষণসহ নিয়ন্ত্রিত খাতে কাজ করতে ইচ্ছুক প্রবাসীদের যোগ্যতা দেশে প্রবেশের আগেই যাচাই ও অনুমোদন নিতে হবে। যাচাই সম্পন্ন না হলে কর্মঅনুশীলন লাইসেন্স দেওয়া হবে না এবং লাইসেন্স অনুমোদনের পরই প্রবেশের অনুমতি মিলবে। 

তিনি বলেন, এসব পদক্ষেপের লক্ষ্য হলো শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ভুয়া সনদের ব্যবহার রোধ করা এবং গুরুত্বপূর্ণ খাতে দক্ষ কর্মীর মান উন্নত করা।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা, লাইসেন্স বাতিল, দেশ থেকে বহিষ্কার এবং আদালতে মামলা করা হতে পারে। পাশাপাশি যারা এসব অনিয়মে সহায়তা করবে বা উপেক্ষা করবে, সেই নিয়োগকর্তাদেরও দায়ভার বহন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত