গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে শ্যামলী বাংলা পরিবহনের একটি বেপরোয়া গতির ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ১নং সিএন্ডবি বাজারের আসপাড়া ওয়ালটন প্লাজার সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হবে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘাতক বাসকে জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী জানান, ময়মনসিংহগামী মহাসড়ের পশ্চিম পাশের লেনে সড়ক পারাপারের সময় শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথচারীকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার কোনও পরিচয় নিশ্চিত করা যায়নি। হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
মাওনা হাইওয়ে এসআই শফিকুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
