যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বয়স ও স্বাস্থ্য নিয়ে বাড়তে থাকা উদ্বেগ নাকচ করে দিয়ে বলেছেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৯ বছর বয়সী ট্রাম্প জানান, নিজের শারীরিক সক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন ওঠায় তিনি বিরক্ত।
ট্রাম্প স্বীকার করেন, তিনি প্রতিদিন ৩২৫ মিলিগ্রাম অ্যাসপিরিন গ্রহণ করেন, যা সাধারণত চিকিৎসকদের সুপারিশ করা মাত্রার চেয়ে বেশি। তার ভাষায়, এটি রক্ত পাতলা রাখতে সহায়ক হলেও এতে সহজেই শরীরে কালশিটে পড়ে যায়। এসব দাগ ঢাকতে তিনি মেকআপ ব্যবহার করেন এবং প্রয়োজনে সঙ্গে রাখেন বলেও জানান।
অক্টোবরে ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে করা একটি মেডিকেল স্ক্যান নিয়েও তিনি ব্যাখ্যা দেন। এর আগে তিনি সেটিকে এমআরআই স্ক্যান বললেও এবার জানান, সেটি আসলে সিটি স্ক্যান ছিল। তার চিকিৎসক নেভি ক্যাপ্টেন শন বারবাবেলার বরাতে জানানো হয়, পরীক্ষায় হৃদ্রোগসংক্রান্ত কোনো সমস্যা ধরা পড়েনি।
নিয়মিত ব্যায়াম প্রসঙ্গে ট্রাম্প বলেন, গলফ খেলা ছাড়া অন্য কোনো ব্যায়ামে তার আগ্রহ নেই। তার মতে, ব্যায়াম বিরক্তিকর। বৈঠকে ঘুমিয়ে পড়ার অভিযোগও অস্বীকার করে তিনি বলেন, অনেক সময় চোখ বন্ধ করেন কারণ এতে তিনি স্বস্তি অনুভব করেন। শ্রবণশক্তি দুর্বল হওয়ার অভিযোগও তিনি নাকচ করেন।
ট্রাম্পের চিকিৎসকের দাবি, প্রেসিডেন্ট অসাধারণ স্বাস্থ্যের অধিকারী এবং যুক্তরাষ্ট্রের কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ সক্ষম।
