ইয়েমেনের সৌদি সীমান্তঘেঁষা দক্ষিণাঞ্চলীয় হাদরামাউত প্রদেশে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। সৌদি সমর্থিত প্রাদেশিক গভর্নরের অনুগত বাহিনীর সঙ্গে লড়াইয়ে জড়িয়েছে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)। পরিস্থিতি ঘিরে দক্ষিণ ইয়েমেনে উত্তেজনা দ্রুত বাড়ছে।
এসটিসির অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় তাদের অবস্থানে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। তবে হাদরামাউতের গভর্নর সালেম আল-খানবাশি দাবি করেছেন, এসটিসির দখলে থাকা সামরিক ঘাঁটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পুনর্দখলের লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে।
এদিকে উত্তেজনার মধ্যে এসটিসি এডেন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে। সংগঠনটির পরিবহনমন্ত্রী সৌদি আরবের বিরুদ্ধে আকাশ অবরোধ আরোপের অভিযোগ তুলেছেন। ইয়েমেনি সাংবাদিক ইউসিফ মাওরির ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সৌদি নেতৃত্বাধীন বিমান হামলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা সংঘাতের বড় ধরনের বিস্তারকে ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, হাদরামাউতের সংঘর্ষ মূলত আঞ্চলিক শক্তির সমর্থনে গড়ে ওঠা প্রতিদ্বন্দ্বী ইয়েমেনি গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষমতার লড়াইয়ের প্রতিফলন। সৌদি সমর্থিত সরকারপন্থী বাহিনী ও সংযুক্ত আরব আমিরাত–সমর্থিত এসটিসির মধ্যে এই দ্বন্দ্ব এখন সবচেয়ে বেশি তীব্র দক্ষিণাঞ্চলে। তবে রাজধানী সানায় পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত রয়েছে।
উল্লেখ্য, গত মাসেই এসটিসি দক্ষিণ ইয়েমেনের হাদরামাউত ও আল-মাহরা প্রদেশের কিছু অংশ দখলে নিয়েছিল। ইয়েমেনের প্রেসিডেন্টের উপদেষ্টা থাবেত আল-আহমাদি এ ঘটনাকে ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে এসটিসির আচরণকে মিলিশিয়া-সুলভ বলে মন্তব্য করেছেন।