দলীয় মনোনয়নপত্র সঠিক না থাকায় চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন।
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসার এই সিদ্ধান্ত দেন।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, শনিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় মনোনয়ন ফরমের সাথে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষর মিল না থাকায় চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল হয়।
এ ছাড়া যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের তথ্য সঠিক না পাওয়ায় একই আসনের তিন স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুল হক, শাকিলা ফারজানা ও ইমাম উদ্দিন রিয়াদের মনোনয়নপত্র বাতিল করা হয়। নিয়ম অনুযায়ী তাদের এক শতাংশ ভোটারের তালিকা থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে দশজনের তথ্য যাচাই করা হয়।
এদিকে মনোনয়নপত্র বাছাই চলাকালে একদল লোক আনিসুল ইসলাম মাহমুদের বিরূদ্ধে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা তাকে ফ্যাসিবাদের দোসর ও হত্যা মামলার আসামি অভিহিত করে বিভিন্ন শ্লোগান দেয়।
