আইনগত ভিত্তি যাচাই-বাছাইয়ের পরই সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশের টেলিভিশনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধ করা হবে কি না-এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রবিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যরা। বিএসআরএফের সভাপতি মাসউদুল হক সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল অনুষ্ঠান পরিচালনা করেন।
আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর আইন উপদেষ্টা সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। এ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, 'বিষয়টা হচ্ছে যে, খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।'
তিনি আরও জানান, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সকল দিকের আইনি বিশ্লেষণ ও প্রক্রিয়া যাচাই-বাছাই শেষ হলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
