মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-ডিজেল জব্দ, আটক ১৮

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ ১৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিতিত্তে শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬ শত বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়। 

অপরদিকে শনিবার মধ্যরাত ২টায় উক্ত জাহাজ কর্তৃক সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থানরত মায়ানমারের আরো ১টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০০ লিটার ডিজেলসহ ৭ জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং পাচারকাজে ব্যবহৃত বোটদ্বয়ের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত