শেরপুরের নকলায় চড়া দামে এলপিজি বিক্রির অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতে রবিবার (৪ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলপিজি ডিলারদের সঙ্গে কথা বলেন বসুন্ধরা, আইগ্যাস, ফ্রেশ, পেট্রোবাংলা এবং ওমেরা ডিলার মালিকগণ।
তারা বলেন, কোম্পানির মূল্য, গাড়িভাড়া, লেবার খরচসহ সর্বমোট মূল্য হিসাব করে আমরা সর্বোচ্চ রিফিল প্রতি খুচরা ৫০ টাকা এবং পাইকারি ২০ টাকা লাভে বিক্রি করি।
ওমেরা এলপিজির ডিলার হাসান তালুকদারের মতে, যারা চড়া দামে গ্যাস বিক্রি করছে তারা মানুষের কাতারে পড়েন না।
তবে ভোক্তাদের দাবি, খুচরা দোকানে ১৮০০ থেকে ২০০০ টাকায় গ্যাস বিক্রি হচ্ছে। এমন অভিযোগ বানোয়াট বলে মন্তব্য করেন খুচরা ব্যবসায়ীরা। ডিলাররা ভাউচারে এলপিজি বিক্রি করলেও খুচরা ব্যবসায়ীরা ভাউচারে এলপিজি বিক্রি করেন না বলে জানাগেছে।
এলপিজি ডিলারদের মতে, আগামী কয়েকদিনের মধ্যে রিফিলের দাম কমাসহ স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
