নেত্রকোনায় ২৪ প্রার্থীর মনোনয়ন বৈধ শেষ মুহূর্তে বাতিল জামায়াত প্রার্থী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৬ জনের প্রার্থীর মনোনয়নপত্র। শেষ মুহূর্তে এসে মামলা জনিত কারণে বাতিল করা হয়েছে নেত্রকোনা ৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুম মোস্তফার মনোনয়ন।

রবিবার (৪ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

সংসদীয় আসন গুলোর মধ্যে নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) সংসদীয় আসনে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনকে বৈধ ঘোষণা এবং দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল মান্নান (সোহাগ), বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী ও কমিউনিস্ট পার্টির মো. আলকাছ উদ্দিন মীর।

মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. বেলাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান ডিপ্টি'র।

নেত্রকোনা -২ (সদর–বারহাট্টা) আসনে সাতজন প্রার্থীর মধ্যে ছয় জনের মনোনয়ন বৈধ ও একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা.মো. আনোয়ারুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. এনামুল হক, জাতীয় পার্টির এবিএম রফিকুল হক তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাইয়ূম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফাহিম রহমান খান পাঠান ও ইসলামী ঐক্যজোট'র (আই.ও.জে) মোঃ শরিফ উদ্দিন তালুকদার। আর বাতিল হয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুর রহিমের মনোনয়ন।

নেত্রকোনা -৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে ছয়জন প্রার্থীর মধ্যে ছয়জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—বিএনপির রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র (বিএনপি'র বিদ্রোহী) মো. দেলোয়ার হোসেন ভুঞা, জামায়াতে ইসলামী মো. খায়রুল কবীর নিয়োগী, জাতীয় পার্টির মো. আবুল হোসেন তালুকদার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. শামছুদ্দোহা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকির হোসেন।

নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে ছয়জন প্রার্থীর মধ্যে পাঁচজনকে বৈধ ও একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—বিএনপি প্রার্থী মো. লুৎফুজ্জামান বাবর, স্বতন্ত্র প্রার্থী (বাবরের স্ত্রী) তাহমিনা জামান, জামায়াতে ইসলামী মো. আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান ও কমিউনিস্ট পার্টির জলি তালুকদার। বাতিল হয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকারের মনোনয়ন।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) চারজন প্রার্থীর মধ্যে দুইজনকে বৈধ ঘোষণা এবং দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বিএনপির মো. আবু তাহের তালুকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম। আর বাতিল হয়েছে জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান আযাদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মাসুম মোস্তফার মনোনয়ন।

এব্যাপারে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বাসসকে জানান, যথাযথ প্রক্রিয়ায় জেলায় পাঁচটি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

শেষ মুহূর্তে নেত্রকোনা -৫ আসনে জামায়াতে ইসলামী’র মাসুম মোস্তফার মনোনয়নপত্র বাতিল হওয়া প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র দাখিলের সময় মাসুম মোস্তফা একটি মামলার রায়ের বিষয়ে ভুল তথ্য দিয়েছেন। নির্বাচন আইন অনুযায়ী, মনোনয়নপত্রে দেওয়া কোনো তথ্য ভুল বা বিভ্রান্তিকর হলে সেটি অবৈধ হিসেবে গণ্য হয়। এ কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত