গাজীপুরের কালীগঞ্জে ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেললাইনের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেলপথের দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগির সংযোগস্থলের জয়েন্ট হুক খুলে গেলে বগি দুটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঘটনার পরপরই রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বগি দুটি পুনরায় সংযুক্ত করেন। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা পুনরায় শুরু করে। টঙ্গী-ভৈরব রেলপথটি ডাবল লাইনের হওয়ায় ওই সময় বিকল্প লাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। ফলে ওই রুটে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, ‘বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
