বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
আজ সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত চলা এই বৈঠকে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্থিতিশীলতা ও পরিবেশ বজায় রাখার লক্ষ্যে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে একটি প্রাথমিক আলোচনা হয়েছে।
উপাচার্য আরও জানান, এ সময় তিনি তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করেন।
