টাকা দিয়ে ভোট কিনতে এলে প্রত্যাখ্যান করতে হবে: হাসনাত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

কুমিল্লা-৪ আসনে ভোটের মাঠে পেশিশক্তি ও অর্থের প্রভাব ঠেকাতে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিরাল্লা এলাকায় আয়োজিত আগ্রাসনবিরোধী পদযাত্রায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, কোনো গোষ্ঠী যদি পেশিশক্তি ব্যবহার করে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে জনগণই তা প্রতিহত করবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, এবারের ভোট সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতির বিরুদ্ধে। যারা দুর্নীতি, টেন্ডারবাজি ও মামলা-বাণিজ্যের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে।

তিনি বলেন, ভোটারদের টাকার কাছে বিক্রি হওয়া যাবে না। যে টাকা দিয়ে ভোট কিনতে আসবে, তাকে প্রত্যাখ্যান করতে হবে। একদিনের জন্য ভোটারদের হাতে টাকা ধরিয়ে দিয়ে পাঁচ বছর ক্ষমতায় থাকার রাজনীতি আর চলতে দেওয়া হবে না।

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এবারের ভোট গুরুত্বপূর্ণ। পদযাত্রা চলাকালে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এতে জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত