নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান ও বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত এ নোটিশ রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করেন।
নোটিশে উল্লেখ করা হয়, রেজা কিবরিয়া গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে কর্মী-সমর্থক নিয়ে উপস্থিত জনগণের কাছে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন। প্রচারের ছবি এবং দলিলাদিসহ জিতু মিয়া সেন্টু নামে এক ব্যক্তি গত ৪ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দেন। এ ছাড়া ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল তৈরি করে তিনি প্রচার চালান। এ প্রচারের ছবি ও দলিলাদিসহ মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামে এক ব্যক্তি ৪ জানুয়ারি কমিটির নিকট একটি লিখিত অভিযোগ দেন।
এমতাবস্থায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনিত অভিযোগগুলো অনুসন্ধানপূর্বক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কেন নির্বাচন কমিশন বরাবর পাঠানো হবে না— এ মর্মে আগামী ১৪ জানুয়ারির মধ্যে কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
জল্পনার অবসান : মাঠে গড়াল শাকিবের ‘প্রিন্স’
গাজীপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত