শাহজাদপুরে চোরসহ ৬ গরু উদ্ধার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে গরু চুরির ঘটনায় চোরসহ ৬টি গরু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) ভোরে ঘন কুয়াশার সুযোগে গরু চুরির এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বহুলবাড়ি বাথান এলাকায় পাবনা জেলার সাথিয়া থানার সিলন্দা গ্রামের আজিজুল সর্দারের ছেলে ভুট্টো সরদারের খামার থেকে সংঘবদ্ধ চোরচক্র ৬টি গরু চুরি করে। পরে চুরি করা গরুগুলো শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ির একটি বন্ধ খামারে লুকিয়ে রাখা হয়।

গরুর মালিক ভুট্টো সরদার শাহজাদপুর থানায় অভিযোগ করলে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। শাহজাদপুর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) রফিকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৬টি গরু উদ্ধার করেন এবং উজ্জল নামে একজনকে আটক করেন।

আটক উজ্জলের দেওয়া তথ্যে জানা যায়, এই গরু চুরির ঘটনায় মোট ৬ জন জড়িত রয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদকমুক্ত সমাজ গঠন এবং চুরি, ডাকাতি ও ছিনতাইমুক্ত এলাকা গড়ে তুলতে শাহজাদপুর থানা পুলিশ বদ্ধপরিকর। তিনি আরও জানান, এ ঘটনায় আটকসহ জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত