সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা বাদ দিয়ে দেশের অন্যান্য সব জেলায় একযোগে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। এ পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ১০ লাখ ৮০ হাজার চাকরিপ্রার্থী।
নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু কড়া নির্দেশনা জারি করেছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আজ বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। তবে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ডিপিই জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই দুপুর ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রের সব প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে। নির্ধারিত সময়ের পর কোনো অজুহাতেই কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
নকল বা ডিজিটাল জালিয়াতি ঠেকাতে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তল্লাশির সময় প্রয়োজনে টর্চলাইট ব্যবহার করে কান পরীক্ষা করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, সাধারণ হাতঘড়ি, পার্সসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এসব সামগ্রীসহ কেউ ধরা পড়লে তাৎক্ষণিকভাবে পরীক্ষা থেকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের সঙ্গে রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকা বাধ্যতামূলক। উত্তরপত্র হিসেবে ব্যবহৃত ওএমআর শিট পূরণে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
নিরাপত্তা জোরদারে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছে ডিপিই। পাশাপাশি নিয়োগের নামে কোনো ধরনের প্রতারণা বা আর্থিক লেনদেনে না জড়াতে পরীক্ষার্থীদের সতর্ক করা হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
অসহায় সরকার জিম্মি ভোক্তা