পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হচ্ছে ২১ জানুয়ারি?

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম

নবম জাতীয় পে-স্কেল নিয়ে চূড়ান্ত সভা করতে যাচ্ছে পে-কমিশন। আগামী ২১ জানুয়ারি এ সভার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিনই কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় সুপারিশ চূড়ান্তে সভার এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

পে-কমিশনের এক সদস্য বলেন, ‘আগামী ২১ জানুয়ারি পে-স্কেল নিয়ে পে-কমিশনের শেষ সভা হবে। এই সভাতেই পে-স্কেলের যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে। তবে এর আগে আরেকটি পূর্ণ কমিশনের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘পে-কমিশনের হাতে সময় খুব অল্প। এই অল্প সময়ে সুপারিশ চূড়ান্ত করে জমা দিতে হবে। এজন্য কমিশন খুব দ্রুততার সাথে সব কাজ শেষ করার চেষ্টা করছে।’

এদিকে নবম পে-স্কেলে বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সচিবালয়ে পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এ অনুপাত চূড়ান্ত করা হয় বলে কমিশনের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পূর্ণ কমিশনের সভায় উপস্থিত কমিশনের এক সদস্য বলেন, বেতনের অনুপাত নিয়ে তিন ধরনের প্রস্তাব করা হয়েছিল। ১:৮, ১:১০ এবং ১:১২। এর মধ্যে ১:৮ অনুপাত চূড়ান্ত করা হয়েছে। এছাড়া সর্বনিম্মন বেতন নিয়ে তিনটি প্রস্তাব পর্যালোচনা হয়েছে। পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত