জয়পুরহাটের পাঁচবিবিতে মসজিদের টাকাকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় ইয়ানূর হোসেন নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় আল আমিন ও রুবেল নামের আরও দুজন গুরুতর আহত হন।
উপজেলার ঢাকারপাড়া মোড়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এই হামলার ঘটনা ঘটে।
নিহত ইয়ানূর হোসেন (৩৫) উপজেলার শালায়পুর ছালাখুর গ্রামের বাসিন্দা। জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুক্তাদুল হক আদনান জানান, ইয়ানূর হোসেন স্থানীয় কুসুম্বা ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ও পদ প্রত্যাশী হিসেবে যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর বন্ধু আল-আমিন ও রুবেলকে নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়া মোড়ে প্রতিপক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তাদের চিৎকারে আশপাশে থাকা গ্রামবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইয়ানূরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আল আমিন ও রুবেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো.রায়হান জানান, মসজিদের টাকাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার তৎপরতা চালিয়েছে পুলিশ। এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। তদন্তও চলছে।
