হাসপাতালে অবহেলায় মৃত্যুর অভিযোগ

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ এএম

জামালপুরের মাদারগঞ্জে হৃদয় হাসান (২৪) নামের এক নির্মাণশ্রমিক গতকাল শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসা অবহেলায় হৃদয়ের মৃত্যু হয়েছে।

হৃদয় পৌর শহরের বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার হাসান ফকিরের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে পৌর ভবনের নির্মাণাধীন গেটের ছাদের ওপর কাজ করার সময় সেখানে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন হৃদয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্টে ছাদেই অচেতন হয়ে পড়েন। তার অচেতন হওয়ার বিষয়টি বুঝতে পেরে নিচে থাকা সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, চিকিৎসক মৃত ঘোষণা করার পর হৃদয়ের মরদেহ বাড়িতে নিয়ে গেলে তার শরীর গরম ছিল এবং নড়াচড়া লক্ষ করা যায়। এ অবস্থায় তাকে আবার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক দ্বিতীয়বারও তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা অভিযোগ করে বলেন, হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা সময়মতো চিকিৎসা না দেওয়ায় হৃদয়কে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকের অবহেলার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের জরুরি বিভাগে উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয় নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের চিকিৎসকরা সব প্রক্রিয়া ও নিয়ম মেনেই রোগীকে মৃত ঘোষণা করেছেন। এটি রোগীর স্বজনদের ভুল বোঝাবুঝি।’

মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘ডাক্তারদের সঙ্গে কথা হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করেই রোগীকে মৃত ঘোষণা করেছেন। এ ঘটনায় হাসপাতালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত