মেয়র পদ ফিরিয়ে দেয়ার আশ্বাসে মনোনয়নপত্র প্রত্যাহার

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান নির্বাচন কমিশন থেকে খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পাওয়ার আশ্বাসে সংসদ সদস্য পদের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচন কমিশন তাকে খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন।

মুশফিকুর রহমান আসন্ন নির্বাচনে বাগেরহাট-১ আসন (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ব্যাংক সার্টিফিকেট ও এক শতাংশ ভোটার সমর্থনের কাগজপত্রে জটিলতার কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আমি উচ্চ আদালতে আপিল করলে আদালত আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে দেশের বর্তমান পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনের জটিলতার কারণে নির্বাচন কমিশন এখনো আমাকে শপথ গ্রহণের ব্যবস্থা করতে পারেনি। সম্প্রতি কমিশন জানায়, জাতীয় সংসদ নির্বাচনের পর আমাকে খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব প্রদান করা হবে। তাই আমি বাগেরহাট-১ আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছি।’

উল্লেখ্য, মুশফিকুর রহমান ২০২৩ সালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ওই নির্বাচনে পরাজিত হন। তিনি অভিযোগ করেন, সেদিন দলীয় গুন্ডাবাহিনী ভোট জালিয়াতির মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত