আ.লীগ নেতা পলককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য-যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে যাওয়া প্রিজন ভ্যানে ডিম ছুড়ে প্রতিবাদ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 

সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় রাজধানীর মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় আহম্মেদ নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় পলককে এদিন গ্রেপ্তার দেখানো হয়। 

এর আগে গত ২৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. গোলাম কিবরিয়া খান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই আবেদনের শুনানির জন্য আদালত সোমবার দিন নির্ধারণ করেন।

শুনানির সময় পলককে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

একই দিনে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শরিফ ওসমান হাদি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। 

মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আবেদনের পর আদালত অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় দেন।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দুপুর দেড়টার দিকে পলককে নিয়ে একটি প্রিজন ভ্যান সিএমএম আদালতের হাজতখানা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয়।

প্রিজন ভ্যানটি আদালতের সামনের সড়কে এলে ইনকিলাব মঞ্চের কয়েকজন নেতাকর্মী ডিম নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে প্রিজন ভ্যানটি নিরাপত্তার মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত