চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী চন্দনাইশের আলোকিত কনভেনশন সেন্টারে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের উপজেলা, পৌরসভা, কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবি আলম রবির সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মান্নান রানার সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ উদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা মো. আকিল জামিল, জেলা ছাত্রদলের সদস্য ফয়সাল সোহান, মহিউদ্দিন সাগর, আবদুল্লাহ আল জিহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে এসেছে। আগামী দিনের বাংলাদেশ গড়তে ছাত্রদলকে আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতায় আরও সুসংগঠিত হতে হবে। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রসমাজকে রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক এলাকার উপজেলা, পৌরসভা, কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মাহমুদুল ইসলাম আল-কাদেরী।
