নেত্রকোনায় জমি নিয়ে বিরোধ, বাবা ছেলেকে পিটিয়ে জখম 

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত তাইজুদ্দীন ফকির ওরফে গেদু মিয়া (৭৮) নামে এক কৃষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চার দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে তার মৃত্যু হয়। 

নিহত গেদু মিয়া উপজেলার চাকুয়া ইউনিয়নের বানীচাপুর গ্রামের বাসিন্দা। 

এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চাষের জমি নিয়ে বিরোধের জেরে গেদু মিয়ার ছেলে রাইকুলকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। এই বিষয়ে গেদু মিয়া থানায় অভিযোগ শেষে বাড়ি ফেরার পথে তার উপরেও হামলা করে পিটিয়ে জখম করে। 

এ বিষয়ে নিহত গেদু মিয়ার ছোট ভাই সানোয়ার ফকির বলেন, গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে কৃষি জমিতে গেদু মিয়ার ছেলে রাইকুল ফকির কাজ করতে যায়। এ সময় একই গ্রামের প্রতিপক্ষের স্বপন মির্জা ও তার ছেলেসহ কয়েকজন রাইকুলের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্রের আঘাতে রাইকুল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গেদু মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ  করার পর বাড়ি ফেরার পথে বিকেলে প্রতিপক্ষের লোকজন গেদু মিয়ার উপরও হামলা চালায়। লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে । পরে তাকেও উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে মৃত্যু হয় গেদু মিয়ার। আর তার ছেলে রাইকুল এখনো হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি আরো জানান, ময়নাতদন্ত শেষে আজ বিকালে লাশ নিয়ে রওনা দিতে পারব। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, গত বৃহস্পতিবার ছেলের ওপর হামলার ঘটনায় গেদু মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ করেন। পরে তার ওপর হামলা হয়েছে এমন খবর পাইনি। চিকিৎসাধীন অবস্থায় গেদু মিয়ার মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত