মেঘনা নদীতে জলদস্যুদের কবল থেকে ৪ জেলে উদ্ধার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম

ভোলা জেলার মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা একটি সমন্বিত অভিযানের মাধ্যমে অপহৃত চার জেলেকে নিরাপদে উদ্ধার করেছেন। বরিশাল নৌ পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে মঙ্গলবার (১৩ জানুয়ারি) তুলাতলী ঘাটসংলগ্ন নৌ এলাকা থেকে জেলেদের উদ্ধার করা হয়।

নৌ পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) সনাতন চন্দ্র সরকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে একটি আভিযানিক দল নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে চার জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত জেলেরা হলেন মো. মহিউদ্দিন মাতব্বর (৪০), মো: সবুজ (২২), বজলু মাঝি (৩৮) ও মো. শরীফ (৩০)। তাঁরা সবাই ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত আনুমানিক ১১.০০ ঘটিকায় বোরহানউদ্দিন থানাধীন ৮নং ওয়ার্ডের পক্ষিয়া ইউনিয়ন এলাকার মেঘনা নদীতে মাছ ধরার সময় কতিপয় জলদস্যু চার জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। এই সংবাদের ভিত্তিতেই নৌ পুলিশ অভিযান পরিচালনা করে।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত