আলফাডাঙ্গায় চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় চিরকুট লিখে রোকসানা (৩০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকসানা ওই গ্রামের মৃত নওশের মোল্যার মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে রোকসানা একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক অসুস্থতার কারণেই তিনি এই পথ বেছে নিয়েছেন বলে চিরকুটে উল্লেখ করেন।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, রোকসানার আগে একাধিক বিয়ে হয়েছিল, তবে কোনো সংসারই দীর্ঘস্থায়ী হয়নি। বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন। তার ১২ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলেও জানা যায়। সোমবার সন্ধ্যায় বাড়ির পেছনের একটি আমগাছে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে একটি চিরকুট জব্দ করা হয়। সেখানে তিনি নিজের অসুস্থতা ও মানসিক কষ্টের কথা লিখে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত