ক্রীড়ার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে ওঠে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।
সোমবার (১৩ জানুয়ারি) ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৬ষ্ঠ আন্তঃকলেজ উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, ‘আজ আমরা যে অবস্থানে পৌঁছেছি, তার পেছনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের সময় ইন্টারনেট বা আধুনিক প্রযুক্তির সুযোগ ছিল না, টেলিভিশনের ব্যবহারও সীমিত ছিল; রেডিওই ছিল প্রধান বিনোদনের মাধ্যম। সে সময় খেলাধুলার মধ্য দিয়েই আমরা শৃঙ্খলা, প্রতিযোগিতার মানসিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতাম।’
তিনি আরও বলেন, বর্তমান শিক্ষার্থীরা এমন বৃহৎ ও সুন্দর আয়োজনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে, যা নিঃসন্দেহে সৌভাগ্যের। ক্রীড়া প্রতিযোগিতা কেবল বিনোদনের জন্য নয়; এর মাধ্যমে শৃঙ্খলা শেখা যায়, সুস্থ প্রতিদ্বন্দ্বিতা ও দলগত সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে। দলীয় খেলাধুলার মাধ্যমে নেতৃত্বের গুরুত্ব উপলব্ধি করা সম্ভব হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও মনোযোগী হতে হবে। নিজেদের সৎ, দেশপ্রেমিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলে ভবিষ্যতে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
