২৩ বছরের দিলপ্রীতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যাটার দিলপ্রীত বাজওয়া। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্ব দেবেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। এই প্রথমবার বাজওয়ার আন্তর্জাতিক ক্রিকেটে দলকে নেতৃত্বে দেবেন।

এ পর্যন্ত কানাডার হয়ে ৯টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাজওয়া। টি-টোয়েন্টিতে তার চারটি হাফসেঞ্চুরি রয়েছে, স্ট্রাইক রেট ১৩৩.২২। গত অক্টোবরে কানাডার সুপার ৬০ টি-টেন টুর্নামেন্টে ১৮ বলে ৫৭ ও ২২ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি।

দলের আরেক শক্তিশালী ব্যাটার ওপেনার যুবরাজ সামরা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫ ইনিংসে তিনি মেরেছেন ২৭টি ছক্কা, তার স্ট্রাইক রেট ১৬০.৭২। স্কোয়াডে আরও রয়েছেন সাবেক অধিনায়ক সাদ বিন জাফর, ক্যালিম সানা, ডিলন হেইলিগার, নিকোলাস কির্টন ও নাভনিত ধালিওয়ালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-তে জায়গা পেয়েছে কানাডা। কঠিন এই গ্রুপে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ৯ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের বিভিন্ন ভেন্যুতে।

উল্লেখ্য, এটি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার দ্বিতীয় অংশগ্রহণ। ২০২৪ আসরে তারা প্রথমবার খেলেছিল এবং সেই আসরে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখায়। চলতি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় কানাডা। আঞ্চলিক ফাইনালে অপরাজিত থেকে ছয় ম্যাচের সবকটিতেই জয় পায় দলটি।

কানাডার বিশ্বকাপ দল: দিলপ্রীত বাজওয়া (অধিনায়ক), আজয়ভীর হুন্দাল, অঁশ প্যাটেল, ডিলন হেইলিগার, হার্শ ঠাকুর, জাস্কারানদীপ বাট্টার, ক্যালিম সানা, কানওয়ারপাল তাথগুর, নাভনিত ধালিওয়াল, নিকোলাস কির্টন, রবিন্দরপাল সিং, সাদ বিন জাফর, শিভাম শর্মা, শ্রেয়াস মোভা, যুবরাজ সামরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত