বাটলারের বাতিল 'সাবিনা-সুমাইয়ারা' ভারতকে উড়িয়ে দিলো

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম

ব্যাংককের নংথাবুড়ি হলকে দশরথ রঙ্গশালায় রূপ দিয়ে আবারও ভারতের হন্তারক বাংলাদেশ। সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শুরুটা এরচেয়ে ভালো কিসেই বা হতে পারতো। শুরুতেই চীর বৈরী ভারতকে পেয়ে জ্বলে উঠলেন অধিনায়ক সাবিনা খাতুন, করলের জোড়া গোল। মাতসুশিমা সুমাইয়াও প্রতিপক্ষের জালের দেখা পেলেন। তাতেই ৩-১ গোলের জয়ে শুভ সূচনা হলো বাংলাদেশের।

২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে পরপর দুটি সাফ শিরোপা জয়ের পথে বাংলাদেশ হারিয়েছিল প্রবল প্রতিপক্ষ ভারতকে। দুবারই তারা গ্রুপ পর্বে ভারতবধ করে সেমিফাইনালে যায় সেরা হয়ে। দুই সাফল্যেই সামনে থেকে নেতৃত্ব দেওয়া সাবিনা এবার ফুটসাল দল নিয়ে চ্যালেঞ্জে নেমেছেন। সে লক্ষ্যে কেবল জোড়া গোলই করেননি, দলের প্রয়োজনে নিচে নেমে রক্ষণেও রেখেছেন বড় ভূমিকা।

তবে ভারতকে হারাতে বড় ভূমিকা ছিল দলের কিপার স্বপ্না আক্তার জিলি। পুরো চল্লিশ মিনিট ভারতকে হতাশ করেছেন অসাধারণ সব সেভে। ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার সাফ জয়ের পর অনেক জল গড়িয়েছে। এই সময়টায় আর বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পাননি সাবিনা। ফুটসাল দলের হিয়ে সে সুযোগটা আসে। আর প্রত্যাবর্তনটা রাঙালেন জোড়া গোলে।

ফুটবলার এবার দায়িত্ব নিলেন ফুটসালের। কোর্টে নেমে করলেন জোড়া গোল। সাঈদ খোদারাহমির দলকে শুরুতে এগিয়ে নেন সাবিনাই। কৃষ্ণারানী সরকার বানিয়ে দেওয়া বলে নিখুঁত ফিনিশ করেন সাবিনা। প্রথমার্ধেই দ্বিতীয় গোলের দেখা পান সাবিনা৷ এবারও গোলের যোগানে ছিলেন কৃষ্ণা। আর দ্বিতীয়ার্ধে সুমাইয়া একক প্রচেষ্টায় গোল করে ৩-০ করেন। শেষদিকে ভারত এক গোল পরিশোধ করলেও হার এড়াতে তা যথেষ্ট ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত