নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৪

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার দুটি গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের মো. কামরুজ্জামান মণ্ডলের ছেলে তোফায়েল মণ্ডল (২৫), লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের তবিবুর বিশ্বাসের ছেলে মো. রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরা শ্যামনগরের বইশখালি গ্রামের মৃত নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৫০) ও একই গ্রামের মৃত তোফাজ্জল গাজীর ছেলে আমিনুর গাজী (৪৫)। 

পুলিশ জানায়, লোহাগড়া থানা পুলিশ ও লোহাগড়া সেনা ক্যাম্প যৌথভাবে গোপন তথ্যের তথ্যের ভিত্তিতে উপজেলার দিঘলিয়া গ্রামের তোফায়েল মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তোফায়েলের বসতঘরের ওয়ারড্রব থেকে একটি চাইনিজ ৭ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত তোফায়েলকে সঙ্গে নিয়ে উপজেলার আগ্রাহাটি এলাকার ছোটন মোল্লার মাছের ঘের থেকে রাসেল, পিন্টু ও আমিনুর নামের তিন অভিযুক্তকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মাছের ঘেরের বিভিন্ন স্থান থেকে একটি এয়ারগান, ৮০০ পিস গুলি, মাদক, চাপাতি, দা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।

লোহাগড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দিঘলিয়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় চার অভিযুক্তকে আটক করা হয়। পরে নিয়মিত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে’। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত